দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম নিয়ে চলছে নৈরাজ্য। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীরা যেমন খুশি দাম নির্ধারণ করছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের কোনো বিধিবিধান তোয়াক্কা করা হচ্ছে না। সরকার যদি নির্বাচিত হতো বা জনগণের ভোটের প্রয়োজন পড়ত তাহলে দলীয় ব্যবসায়ীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিত না।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কারাগারের ভেতরে-বাইরে চলছে বিরোধী দলের সক্রিয় নেতাকর্মীদের নানাবিধ অমানবিক আচরণ। কারাবন্দীদের নির্যাতন করা হচ্ছে অবর্ণনীয় পৈশাচিক কায়দায়। বন্দীদের চিকিৎসা না দিয়ে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দীকে হাত-পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা হচ্ছে।
তিনি বলেন, ‘কারাগারে দমবন্ধ করা সেলে দিন-রাত লকআপে রেখে গরু-ছাগলের খাবারের জন্য প্রযোজ্য অতি নিম্নমানের খাবার দিয়ে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়ানোর জন্য গল্প সাজিয়ে মিথ্যাচার করছে।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, জেল হেফাজতে মৃত্যুর দায় এড়াতে পারবে না শেখ হাসিনা এবং তার মাফিয়া চক্রের কারা কর্মকর্তারা। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিএনপি ঘোষিত ৩৬ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, এই কর্মসূচিতে বিএনপিসহ গণতন্ত্রমনা সমস্ত দল, সকল নিপীড়িত-নির্যাতিত তারা রাস্তায় এসে দাঁড়াবে জেল-জুলুম-গ্রেপ্তার সমস্ত কিছু মোকাবিলা করেই তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশগ্রহণ করবেন এবং গণতন্ত্রের বিজয় তারা নিশ্চিত করবেন।
এ সময় সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় ১১০ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এই সময়ে পাঁচটি মামলায় ৪৩৬ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এফএইচ