দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আপনারা যখন বলেন, বিচার বিভাগ স্বাধীন, তখন বিএনপির অন্য নেতারা কারাগারে। আবার শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তাহলে বিচার বিভাগ স্বাধীন হয় কীভাবে, এমন প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, যারা সহিংসতায় জড়িত, তারা গ্রেপ্তার হয়েছেন। সহিংসতা তো একজন কর্মী করেন, সেজন্য নির্দেশ দিতে হয়।
তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর তো আর বিচারপতির বাসায় হামলা করেননি, তিনি নির্দেশ দিয়েছেন। যিনি নির্দেশ দিয়েছেন তাকে কারাগারে থাকতে হবে। এটা না করলে দেশে আরও বেশি সন্ত্রাস হত।
শাহজাহান ওমর আওয়ামী লীগ থেকে কেন নির্বাচন করছেন- জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের দরজা তো বন্ধ না। ১৯৭০ সালেও আমরা মুসলিম লীগের অনেক লোককে দলে নিয়েছি। মানুষ তার মতাদর্শ পরিবর্তন করেন, এটা সারা পৃথিবীতেই হয়। যুক্তরাজ্যে চার্চিলের মতো নেতাও দল পরিবর্তন করেছেন।
তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। বিএনপি নির্বাচনে না এলে আমাদের তো কিছু করার নেই। তাদের তো জোর করে নির্বাচনে আনতে পারি না।
৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কী- জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হলো বেশিরভাগ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করা।
আরএ