দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঠিকমতো দেননি ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনে (ইসি) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি।
এসময় সাংবাদিকরা তার কাছে ইসি ভবনে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি, এ বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’
কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর।
এরপর ইসিতে কেন এসেছেন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘পেপারে দেখে নিয়েন।’
আইন ভঙ্গ করেছেন কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি?’
এর আগে, ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
শোকজের চিঠিতে বলা হয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় আপনি (শাহজাহান ওমর) নির্বাচনি এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এসময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে শাহজাহান ওমরের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের (৬ ডিসেম্বর) মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে তিনি আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টি