দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী এবং সংসদ সদস্য মতিয়া চৌধুরী।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কিআইবি) মিলনায়তনে ‘সিনিয়র কৃষিবিদ সম্মিলন ২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, খাদ্য, দৈনন্দিন চাহিদায় আমরা যদি স্বয়ংসম্পূর্ণ না হই, তাহলে আমরা চিরদিন বাঁকা হাসি এবং করুণার পাত্র হয়ে থাকব।
সাবেক কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদদের সমস্যা এবং সম্ভাবনার দিকে ভালোভাবে পর্যালোচনা হওয়া দরকার। শুধু সমস্যার সমাধান একমাত্র সমাধান নয়, সম্ভাবনাকেও পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য কৃষিবিদদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে কৃষিবিদরা এক সময় অবহেলিত ছিল। কিন্তু আজকে কৃষিবিদ শুনলে একটু চোখ তুলে তাকানোর অবস্থা হয়েছে। এটা আপনাদের কৃতিত্ব এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান।
সংসদ উপনেতা আরও বলেন, আমি আপনাদের শ্রদ্ধা জানিয়ে বিনম্রভাবে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, অন্য সময় হয় না। নিষ্ঠা এবং ভালোবাসার ফলে কৃষিবিদ ভাই-বোনরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, আগামী দিনে যারা আসছেন কৃষি বিজ্ঞান ও সেক্টরে কাজ করার জন্য তাদের কাছে কৃষির সম্ভাবনার দিকটা তুলে ধরার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করব।
কৃষিবিদ অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর।
এফএইচ