দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শঙ্কাজনক। লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে চিকিৎসকেরা শঙ্কিত। বাংলাদেশে সম্ভাব্য চিকিৎসা যা আছে, চিকিৎসকেরা তার সর্বোচ্চটাই খালেদা জিয়াকে দিয়েছেন। এখন তাদের আর বেশি কিছু করার নেই। সে জন্য মেডিকেল বোর্ড বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এর পরিপ্রেক্ষিতে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার। এই আবেদনে বিএনপি চেয়ারপারসনের স্থায়ীভাবে মুক্তি চাওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
এদিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে জানান, আইনে কোনো সুযোগ নেই। তবে এর আগে আইনমন্ত্রী একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন তিনি পেয়েছেন। এখন আইনগত বিষয় পর্যালোচনা করে অল্প সময়ের মধ্যে আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন দেশের ৫৮২ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা খালেদা জিয়াকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দী হন। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। তখন থেকে তিনি গুলশানের বাড়িতে থাকেন।
এফএইচ