দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এক কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’
তিনি বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে কেন আমরা রোহিঙ্গা ইস্যু সামনে আনলাম। এর একটিই কারণ—ছয় বছর হয়ে গেল। রোহিঙ্গা ইস্যু এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেতরে উগ্রবাদিতা দানা বাঁধছে, সেখানে বন্দুকযুদ্ধ হচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে রোহিঙ্গা নিয়ে আবার কোনো উগ্রবাদিতার জন্ম হয় কি না।
মির্জা ফখরুল বলেন, নিজেদের সক্ষমতার অভাবে বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না। এই সরকার, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের (সরকার) সেই শক্তি নেই, যে শক্তি দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে গিয়ে দাঁড়াতে পারে। এই ইস্যুতে সরকার আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মিয়ানমার সরকারের ওপর কোনো চাপও সৃষ্টি করতে পারেনি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটা প্রতিকূল পরিবেশে, যেখানে আদালত বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। আছে শুধু তাদের (সরকার) জন্য। সরকার পুরো জাতিকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। তখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে। যে সরকার মানুষের ভোটে আসেনি, জোর করে ক্ষমতায় টিকে আছে।
মির্জা ফখরুল বলেন, আজকে আবেদন জানাব সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, একই সঙ্গে জনগণের কাছে—আসুন বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়াই।
বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক এই সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধে বিরাজমান রোহিঙ্গা সমস্যার জন্য আওয়ামী লীগের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করা হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশও করা হয়।