দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। তা না হলে বোঝা যাবে, সরকার শুধু আওয়ামী লীগকে ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলছে। জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।
তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি।
পতিত ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়, বরং জনগণের মধ্যে এবং সামাজিক-রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে পারবে।
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/