দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের মধ্যে দোলনের সাত দিন এবং অপর দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া অপর আসামি হলেন ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তাঁরা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।
পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশি আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৩ মে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
এমএস/