দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করেন না। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, একসময় অনেকে মনে করতেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। তবে বিগত নির্বাচনে তাঁর নির্বাচনী এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষে বিপুল ভোট দিয়ে তাঁরা প্রমাণ করেছেন, কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের প্রতি তাঁদের অন্ধ আনুগত্য নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও প্রমাণ করেছেন। তাঁদের নিজেদের আত্মীয় মনে করে দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর করতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১-দলীয় জোট নির্বাচনে বেহেশতের প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে বিরোধী দলকে অনুরোধ করব, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিন, সংসদে গঠনমূলক আলোচনা করুন এবং সরকারকে সহযোগিতা করুন।’
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকার জনগণের ভোটে আবার ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্য সামনে রেখে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসব্যবস্থা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি আনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাইবেন তাঁরা। জনগণ ভোট দিলে সরকার গঠন করবেন, আর ভোট না পেলে বিরোধী দলে চলে যাবেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু এবং মোকামতলার নয়ন চন্দ্র।
এমএম/