দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ ক্ষমার অযোগ্য। এ অপরাধের দায় আওয়ামী লীগের ওপরও বর্তায়। ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচার সম্পন্ন হওয়ার আগে দলটির পুনর্বাসন বা ‘রিকনসিলিয়েশন’-এর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘যে একবার পালিয়ে গেছে, সে আর কখনো ফিরবে না। কোনো ডিসেম্বরেই আর ফিরবে না।’ শেখ হাসিনা আত্মরক্ষার জন্য ভারতে গেছেন, বাংলাদেশে ফেরার জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ক্ষমা চাওয়া ও রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইল কি না, তাতে ভুক্তভোগী জনগণের কিছু যায় আসে না। তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। যারা ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার বয়ান তৈরি করছেন, তারা মূলত ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। দল হিসেবে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে বলেও জানান রাশেদ খাঁন।
জামায়াতে ইসলামী ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রনেতার ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি। রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির অভ্যুত্থানের এক মাসের মধ্যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চেয়েছিলেন। ক্ষমতার জন্য জামায়াত আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
আবরার ফাহাদ হত্যা মামলায় জামায়াত নেতা শিশির মনির আসামিদের পক্ষে আইনি লড়াই করেছিলেন বলেও দাবি করেন রাশেদ খাঁন। জুলাই আন্দোলনের সময় জামায়াত ও ছাত্রশিবিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, হাসিনা খেদাও আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। রাজপথে জীবন দেওয়া নেতাকর্মীদের অবদান এবং নেপথ্যে বিএনপির ভূমিকা জনগণের কাছে তুলে ধরতে তিনি দেশব্যাপী জুলাই শহীদদের মাজার জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন।
এর আগে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএম/