দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরকে এই আমন্ত্রণ জানান তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য তার নজরে এসেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।’ নাছিরের মতে, এই মন্তব্য থেকে মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে সালমানের পূর্ণাঙ্গ ধারণা নেই।
নাছির বলেন, দীর্ঘ সময়ের আওয়ামী লীগ সরকারের শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা তৈরি হয়েছিল, তার প্রভাব থেকেই হয়তো এমন ধারণার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী বলেও উল্লেখ করেন নাছির।
তিনি বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। অনেককে পরীক্ষার হল ও শ্রেণিকক্ষ থেকে ধরে নিয়ে নির্যাতনের পর কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অনেক নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
নাছিরের ভাষ্য, শিক্ষা ও রাজনৈতিক অধিকার ধরে রাখার জন্য এসব শিক্ষার্থীর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।
সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন ছাত্রদলের এই নেতা। তার দাবি, তাদের আত্মত্যাগই দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণের গভীরতা ও বাস্তবতা প্রমাণ করে।
সালমান মুক্তাদিরের উদ্দেশে নাছির বলেন, ‘আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন।’
নাছির আরও বলেন, এতে সালমান মুক্তাদিরের ভুল ধারণার অবসান হবে এবং তিনি উপলব্ধি করবেন, ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।
/অ