দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের মতো দুঃসাহস কারা দেখাতে পারে।
নাহিদ ইসলাম লেখেন, ‘রাতের আঁধারে জুলাইয়ে আমাদের রাজপথের সহযোদ্ধা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর ও লুটপাটের পেছনে দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে, চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখল। আবার এবার ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীর আসনে। প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের দুঃসাহস কাদের হতে পারে?’
তিনি আরও লেখেন, ‘কোনো স্থাপনা যদি অবৈধ হয়ে থাকে, কেউ দখল করে রাখে তা উদ্ধারের জন্য আইন-আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে। আইনি পথ বাদ দিয়ে সারাদেশে ক্ষমতাসীনদের এমন উন্মত্ত আচরণ কিসের ইঙ্গিত দিচ্ছে?’
ফেসবুক পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও তোলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর বিএনপির ‘সন্ত্রাসী বাহিনী’ সারাদেশে আওয়ামী লীগের চাঁদাবাজি ও দখলবাজির নিয়ন্ত্রণ নেয় এবং পরে চাঁদাবাজি ও দখলদারিত্বের পরিমাণ ও আওতা বেড়েছে।
নাহিদ ইসলাম আরও লেখেন, ‘আঠারো কোটি মানুষ আজ এদের কাছে জিম্মি।’
সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব ঘটনার বিচার চাওয়াকে ‘অর্থহীন’ দাবি করে তিনি বলেন, ‘তবে আমরা বলতে চাই, অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’
এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমানের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপির লোকজন এ হামলা চালিয়েছেন। তবে ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
এমএম/