দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর কর্পোরেট অফিসে সোমবার আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠানে জার্সিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্সেলো কার্লোস সেসা। তিনি বলেন, ‘ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। শক্তিশালী উৎপাদন ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচন করায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়েছে। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া। স্পনসরশিপ শুধু জার্সি বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়, এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি। যখন বাংলাদেশের তরুণরা আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ ও অধ্যবসায়ের অনুপ্রেরণা পায়। এখন সেই জার্সিতে একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখতে পাবে। বিশ্বমানের উৎকর্ষতা এখান থেকেই শুরু হতে পারে।’
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল–এর অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)–এর সঙ্গে চুক্তির মাধ্যমে দলটির বিভিন্ন ব্র্যান্ডিং স্বত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ফ্যান জার্সি উন্মোচন করা হলো। দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভানুধ্যায়ীরা এই ফ্যান জার্সি সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল চেতনা সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লক্ষ লক্ষ সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন সড়ক আকাশী-সাদা পতাকায় ভরে ওঠে। এই আবেগ আর্জেন্টিনার খেলার ধরণ ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সম্মানিত। ফুটবল আমাদের রক্তে মিশে আছে। বিশ্বকাপ চলাকালে আমাদের অফিস, কারখানা ও সারা দেশের কর্মী-পরিবেশকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও পরিচালক সাবিহা জারিন অরনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং স্বাগত বক্তব্য দেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
এমএস/