দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মদিনাতুল উলূম হাফিজিয়া এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কাপড় ও খাবারের আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে রহমাতুল্লাহ মাদ্রাসার ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও শিক্ষাসামগ্রীর অবস্থা প্রত্যক্ষ করেন। তিনি শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, ‘এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সব সময় মানবিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে থাকবে। পাশাপাশি প্রশাসনকেও ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহায়তার আহ্বান জানান।’
এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রতিষ্ঠান ঘর মালিক মোঃ মজিবর রহমান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতা ও যুবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটে। মাগরিবের নামাজ আদায়ের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা পাশ্ববর্তী মসজিদে থাকায় প্রাণে বাঁচেন। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হওয়া আগুনে মাদ্রাসার কাপড়, আসবাবপত্র ও জরুরি কাগজপত্রসহ শিক্ষাসামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এমএস/