দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার ওসমান এরশাদ ফয়েজ। তিনি ১১ জানুয়ারি দায়িত্ব নেন।
আন্তর্জাতিক ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ওসমান এরশাদ ফয়েজের। তিনি এর আগে বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তিনির্ভর পরিচালনা, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং ও ফিনটেক খাতে তার অভিজ্ঞতা ঢাকা ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিট-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
কর্মজীবনে তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও কাজ করেছেন। পাঁচ বছর তিনি সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।
প্রযুক্তিনির্ভর নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলায় অবদানের জন্য ২০২৩ সালে তিনি ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে লেজেন্ড অ্যাওয়ার্ড পান। নারী নেতৃত্ব ও ব্যবসায়ে নারীদের অগ্রগতিতে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের উদ্যোগে প্রকাশিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় একাধিকবার স্থান পান। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো।
ওসমান এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম অনার্স ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে নির্বাহী শিক্ষা সম্পন্ন করেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।
ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাত এমন এক সময়ে রয়েছে, যখন সুশাসন, শৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত জরুরি। ওসমান এরশাদ ফয়েজের অভিজ্ঞতা ও নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’
নতুন দায়িত্ব গ্রহণের পর ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ। গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করা, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং সব শ্রেণির গ্রাহকের জন্য সেবার মান উন্নত করাই আমার প্রধান লক্ষ্য।’
১৯৯৫ সালে যাত্রা শুরু করা ঢাকা ব্যাংক পিএলসি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক। করপোরেট, রিটেইল, কমার্শিয়াল, এসএমই ও ইসলামিক ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্যাপিটাল মার্কেট ও মার্চেন্ট ব্যাংকিং সেবাও দেওয়া হচ্ছে।
এমএস/