দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে ভিন্ন মাত্রা।
গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় মোট ১৫০টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশকরা অংশ নিয়েছেন।
কুরআন-হাদিস, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের বই, সাহিত্য ও ইতিহাসসহ নানা বিষয়ে বই সাজানো হয়েছে মেলায়। প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনা।
প্রকাশকরা জানিয়েছেন, মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও সুশৃঙ্খল ও বর্ণিল হয়েছে। বিদেশি প্রকাশকদের অংশগ্রহণে পাঠকেরা আন্তর্জাতিক মানের ইসলামী বই হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।
মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ‘ইসলামী সাহিত্যের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া যায়। বই মুসলিম ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এই মেলা ইসলামী সাহিত্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।’
তিনি পাঠকদের উদ্দেশে আরও বলেন, ‘এই মেলা আমাদের সবার, ইসলামী সাহিত্যের ও সুস্থ মানসিকতার বিকাশের মেলা। তাই বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।’
এমএস/