দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কবি, গল্পকার ও কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন কবির মেয়ে ও রাজনীতিবিদ বিদিশা সিদ্দিক।
এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিককে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) স্থানান্তর করা হয়।
৯০ বছর বয়সি কবি আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি একাধারে একজন কবি, কথাসাহিত্যিক, ছড়াকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক।
সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৮), বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বঙ্গভাষা সংস্কৃতি প্রচার সমিতি পুরস্কার (কলকাতা)-সহ অনেক পুরস্কার পেয়েছেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ২০টির অধিক কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ রয়েছে।
কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে ১৯৫৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।
তিনি পর্যায়ক্রমে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর কুইন্স ইউনিভার্সিটি ও ঢাকার নটর ডেম কলেজে অধ্যাপনা করেন।
ডিপি/