দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর পুঠিয়ায় দেশব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন পরিচালনা করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের কৃমি সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে দেশব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাবসংলগ্ন রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী, শিশু ও কিশোর-কিশোরী অংশ নেয়।
দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) পরিচালনা পরিষদের পরিচালক এবং সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খানসহ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মসূচি বাস্তবায়নে এসএমসির স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারী দেশব্যাপী কাজ করেন। তাঁরা কৃমি সংক্রমণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এসএমসির কৃমিনাশক ট্যাবলেট ভারমিসিড (অ্যালবেনডাজল ৪০০ মিলিগ্রাম) সেবনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় উপস্থিত নারী, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি কৃমিমুক্ত পরিবার গঠনে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসির বিস্তৃত স্টার নেটওয়ার্ক সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তছলিম উদ্দিন খান বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে কৃমি সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো অনেক মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসির স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএল-এর বিক্রয় মহাব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, এসএমসির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশনের উপমহাব্যবস্থাপক রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমসি জানিয়েছে, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।