দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী থাকবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা হয়েছে। চুক্তি অনুযায়ী, দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেবে।
তিনি জানান, আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ওই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হবে।
শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের সময়ে নানা কারণে ওমানের ভিসা বন্ধ ছিল। বর্তমান সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশটির নিয়মিত ভিসা আবার চালুর চেষ্টা করছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ওমানও আগ্রহ প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসা জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিয়েছিলেন। দেশটিতে এ ধরনের আন্দোলন আইনত নিষিদ্ধ হওয়ায় দুই শতাধিক বাংলাদেশিকে কারাগারে যেতে হয়েছিল। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ বা স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া নিয়ে সমস্যা হচ্ছে, তা সমাধানে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে পাকিস্তান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করছে।
এমএম/