দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপদ খাদ্য নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে খুলনা সিটি করপোরেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, মিলান সিটির সঙ্গে বাংলাদেশের একটি সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য বাংলাদেশের একটি শহর বেছে নেওয়ার প্রস্তাব দেয় মিলান সিটি। পরে মিলানের সঙ্গে সামঞ্জস্য বিবেচনায় খুলনা সিটি করপোরেশনকে বেছে নেওয়া হয়েছে।
মীর শাহে আলম বলেন, ‘মিলান সিটি ২০১৫ সাল থেকে ফুড সেফটি নিয়ে কাজ করছে। খাদ্য যাতে অপচয় না হয় এবং খাবার যাতে নষ্ট না হয়, সে বিষয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।’
বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের নিয়ে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। এ জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন স্থপতিকে ইতালি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা বলেছি যে, ঠিক আছে, সংখ্যা এবং পরিমাণ জানালে আমরা পাঠিয়ে দেব।’
এদিকে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন, তৃতীয় ভাষা শিক্ষা ও জনশক্তি রপ্তানির উদ্যোগের অংশ হিসেবে ইতালিতে দক্ষ জনশক্তি পাঠাতে ইতালিয়ান ভাষা শেখানোর বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
ইতালি এ বিষয়ে সহযোগিতায় সম্মত হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষক তৈরির উদ্যোগ নেওয়া হবে। ইতালি থেকে প্রশিক্ষক এসে বাংলাদেশের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
তিনি বলেন, ‘উনি এটার ব্যাপারে সম্মত হয়েছেন যে, ঠিক আছে, বাংলাদেশের যেকোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে তারা ওখান থেকে প্রশিক্ষক পাঠাবে এবং সেই প্রশিক্ষকের মাধ্যমে আমাদের কিছু প্রশিক্ষক তৈরি হবে।’
এমএম/