দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ীসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েল মিলিয়ে ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের আওতায় বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করে নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি, অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল মানদণ্ডে ব্যর্থ হয়েছে।
পরীক্ষায় এসব ঘি ও বাটার অয়েলে নির্ধারিত মিল্ক ফ্যাটের পরিবর্তে পাম অলিন ও বনস্পতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু ও স্যাপোনিফিকেশন ভ্যালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক মানদণ্ডেও ত্রুটি শনাক্ত হয়েছে।
অন্যদিকে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলার নির্দিষ্ট কিছু ব্যাচে অতিরিক্ত মাত্রায় মোট অ্যাশ ও লবণ পাওয়া গেছে। ফলে এসব পণ্যও বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ডে অকৃতকার্য হয়েছে।
বিএসটিআই এসব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের পাশাপাশি ভোক্তাদের নির্দিষ্ট পণ্যগুলো কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, পণ্যের মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব। মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তিনি ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, মেয়াদ ও উৎপাদনের তারিখ যাচাই করে পণ্য কেনার পরামর্শ দেন। পাশাপাশি ভেজাল বা প্রতারণার অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে বা ই-মেইলে জানানোর অনুরোধ করেন।
এমএম/