দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক ও পরিচালকের পক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী ইবাদত-বন্দেগী, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদত অনুষ্ঠিত হবে। ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হবে।
এ ছাড়া স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদের নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
র্যাব জানায়, স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর মাধ্যমে অনুষ্ঠানে হামলা, নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
র্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম নজরে এলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।
এমএম/