দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুর রহমান খানকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিবের দায়িত্বও পালন করেন। বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের এ কর্মকর্তা ২০২৬ সালের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ করে অবসরে যান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি অর্জন করে এফসিএমএ সনদ লাভ করেন।
এমএম/