দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন ও শুরু করেছে, সেগুলো প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে।
ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট এড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগও করা হবে।
তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মহেশখালীতে আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের জন্য জায়গা নির্ধারণে জরিপ চলছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ রয়েছে। এগুলোতে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। সরকার এমন সমস্যার মুখোমুখি হয়েছে।
বিগত সরকারের সময়ে গ্যাস খাতে আমদানি নির্ভরতা তৈরি হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়ে গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনাও প্রায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের একটি প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে শুনেছেন, সেখানে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। প্রতিবেদন না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘রিপোর্ট এখনও পড়িনি। রিপোর্টে বলা হয়েছে তারা অনুমান করেছে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর তো আমরা অ্যাকশন করতে পারি না।’
এমএম/