দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন।
তিনি আরও বলেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায়।
মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এমএম/