দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। দেশের বিভিন্ন গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানে দলটি নেতৃত্ব দিয়েছে। তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল। সে কারণেই তাদের রাজাকার বলা হয়।’
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে নির্বাচিত করেছে। তাঁর দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল। সে কারণেই তাদের রাজাকার বলা হয়। তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল। তারা এটি অস্বীকার করতে পারবে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন বলেন, একসময় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল এবং পরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। তাঁর দাবি, ২০২৪ সালের আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি বেশি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আধুনিক চিড়িয়াখানা নির্মাণেও সরকার কাজ করছে।
সুলতান সালাউদ্দিন বলেন, পশুর কোনো অংশ যাতে অপচয় না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করা হবে। উপজাত রপ্তানির পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে, যা মাংস ব্যবসায়ীদেরও উপকারে আসবে।
রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি, আম, রেশম, মৎস্য উৎপাদন ও পরিচ্ছন্নতার জন্য রাজশাহী দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। আম সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা অর্জনও বৃদ্ধি পাবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
এমএম/