দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি ছোট ইলিশের ডিম থেকে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ইলিশ সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যেকোনো কিছুর বিনিময়ে দেশের সম্পদ বৃদ্ধি করতে হবে। ইলিশ দেশের সম্পদ, তাই এটি রক্ষার দায়িত্বও সবার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলেদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়। বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এ সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)।’
তিনি বলেন, ‘আমরা সব সময় বলে থাকি, জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে জাল যার, জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে। আমরা ২৫ কেজি করে চাল দিচ্ছি আপনাদের। এ কয়টা দিন যদি একটু কষ্ট করেন, তাহলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জিআই পণ্য। পৃথিবীর যে কয়টি দেশ আছে, তার মধ্যে আমরা ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে থাকি। কাজেই ইলিশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এ পদ্মা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।’
প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ কোনো অবৈধ জাল যেন ব্যবহার করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’
মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বর্তমানে আমাদের দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যুবসমাজকে ধ্বংস করে। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদক সেবন ও বেচাকেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন স্বজনরা মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়।’
তিনি বলেন, ‘আমরা এ দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলব, অর্থনৈতিকভাবে শক্তিশালী করব। সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব মো. সোহেল রানাসহ অন্যরা।
এমএম/