দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন পর একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে। ১৭ বছর ধরে এ ধরনের সংসদ থেকে বঞ্চিত ছিল দেশ।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলেই তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। আমি বেশ কয়েকটি সংসদের সদস্য ছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, যা বলতে আমার লজ্জা লাগে। অনেক সময় টেলিভিশনে দেখেছি, রেডিওতে শুনেছি একজন নির্বাচিত হয়েছেন, কিন্তু দুই দিন পর দেখি অন্য একজন সংসদ সদস্য। সংসদে এসে দেখি ভিন্ন ব্যক্তি। ফাঁকেফোকরে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন।’
তিনি বলেন, ‘এতদিন আমরা যে ধরনের আবোল-তাবোল সংসদ দেখেছি, এবার তার পরিবর্তে সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদও সে রকম। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে অনেকেই নিজ যোগ্যতায় নির্বাচিত হয়েছেন, যাদের আগে তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।’
স্পিকার আরও বলেন, ভোটের ধরন বিশ্লেষণ করে মনে হয়েছে মানুষ পরিবর্তন চায়। অতীতের সংসদ এবং সংসদ সদস্যদের কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট ছিল না। জনগণ একটি প্রকৃত সংসদ চায়। তাই বর্তমান সংসদের সদস্যদের দায়িত্বও অনেক বেশি।
তিনি বলেন, ‘আমাদের জনগণকে সেবা করতে হবে। আমরা যে ফল উৎসব উপভোগ করছি, সাধারণ মানুষও যেন তা উপভোগ করতে পারে এবং তাদের মন-মানসিকতাও ইতিবাচক হয়, সেটাই প্রত্যাশা।’
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে বিপিজেএর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মানুষের কল্যাণে সংসদ যাতে কাজ করতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিক ও সংসদ সদস্যদের মধ্যে একটি ইতিবাচক মেলবন্ধন তৈরি করে। গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ফল উৎসব পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় করবে। একই সঙ্গে সাংবাদিকদের কলম আরও শক্তিশালী হোক বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সব প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএর সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।
এমএস/