দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রোববার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অংশীদারত্বের ধারাবাহিকতায় কাজ করছে উইনরক ইন্টারন্যাশনাল। বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সুরক্ষায় সংস্থাটি ইতিবাচক ভূমিকা রাখছে।
স্পিকার বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত হুমকির মুখে পড়ছে। মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্পিকার প্রতিনিধিদলকে জানান, বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে তিনি মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/