দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্বভাবে নেবে এবং তা জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত হবে।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার পূর্ণাঙ্গ সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। কোনো বাহ্যিক চাপ বা প্রত্যাশার কারণে নয়, বাস্তব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, ‘আমরা কোন দেশে যাব, তা নির্ধারণ করব তখনই, যখন আমরা মনে করব সেখানে যাওয়া প্রয়োজন—দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে।’ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো দেশে সফর প্রসঙ্গে তিনি বলেন, যখন প্রয়োজন হবে তখন যাবেন। মধ্যপ্রাচ্যেও সফর হবে। সবকিছু জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হবে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একক দেশ বা বাইরের বয়ান দ্বারা প্রভাবিত নয়। বাংলাদেশ এখন স্বাধীন বৈশ্বিক খেলোয়াড় হিসেবে কাজ করছে।
আসন্ন সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, মালয়েশিয়া ও চীন সফর পরিকল্পিতভাবে করা হয়েছে। মালয়েশিয়ায় ২৭ সদস্যের এবং চীনে ২৮ সদস্যের প্রতিনিধি দল যাবে। সফরে খাতভিত্তিক প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণ নির্ধারণ করা হয়েছে।
বিদেশ সফরের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যাচাই-বাছাই করা হয়, যাতে জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় হয়। এগুলো মূল্যভিত্তিক সিদ্ধান্ত।
হুমায়ুন কবির আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এখন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।
এমএম/