দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন (নবম) পে-স্কেল আংশিক বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতি চলছে। যদিও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ঋণের সুদ পরিশোধে বাড়তি চাপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবুও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মাধ্যমে নতুন পে-স্কেলের সুপারিশ বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন পে-স্কেল একবারে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করা হবে, যা সম্ভাব্যভাবে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত পে-স্কেলে বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখা হলেও বেতন বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বর্তমানে ১:৯.৪ থাকলেও তা কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকায় উন্নীত হতে পারে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
নতুন পে-স্কেলের সুবিধা শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে বিশেষ করে স্বল্প পেনশনপ্রাপ্ত প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এদিকে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
তবে অর্থ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এখনো নতুন পে-স্কেল বাস্তবায়ন সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
জে আই