দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক ধাপে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। সংগঠনটির দাবি, আসন্ন জাতীয় বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মৌন মিছিল ও সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বেতন কাঠামোয় কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
সেলিম মিয়া বলেন, নির্বাচিত সরকার চার মাস ধরে দায়িত্ব পালন করলেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ হয়নি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশিত হওয়ায় সেই হতাশা আরও বেড়েছে।
তিনি বলেন, প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ১১ বছরে কর্মচারীরা দুটি পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তাই চলতি জুন মাসের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করে এক ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানান তিনি।
ফেডারেশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, প্রথম ও ২০তম গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমাতে হবে। এছাড়া অষ্টম পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখতে হবে।
আসন্ন বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে এবং এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ফেডারেশনের চেয়ারম্যান।
এমএম/