দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে।
শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে ইতোমধ্যে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে চলে গেছে।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, কারণ সার্বজনীন স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার।
চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া শুধু বাজেট বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘বিগত সরকার থেকে আমরা শুধু মাইনাস-মাইনাস পেয়েছি, যোগ কিছুই পাইনি।’ অতীতে স্বাস্থ্য খাতের বরাদ্দের বড় অংশ দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, জনগণ যাতে প্রকৃত স্বাস্থ্যসেবা পায়, সেজন্য স্বাস্থ্য খাতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অতীতের মতো লুটপাট বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। পরে অতিথিদের নিয়ে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
এমএস/