দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে রোববার (১০ মে)। ১০ থেকে ১৩ মে পর্যন্ত চলবে এবারের আয়োজন।
রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাইবার অপরাধ, এআই ও ডিপফেকসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিতের মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে মানুষের আস্থা ও সেবার প্রতীক হয়ে উঠতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনীর বিকল্প নেই।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক বাহিনীতে রূপান্তরের কাজ চলছে। জনগণের পুলিশ হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘বিপিএম-সেবা’ ও ‘পিপিএম-সেবা’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপও বিশেষভাবে সাজানো হবে।
এমএস/