দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে।
সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি।
রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
খাত সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে ঈদের আগে প্রবাসীরা বেশি অর্থ পাঠান। এ কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি।
এর আগে মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২ হাজার ৪৫৪ কোটি ডলার।
এমএস/