দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইথিওপিয়ার প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় প্রেসিডেন্টকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ইথিওপিয়ার প্রেসিডেন্ট ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। একই সঙ্গে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানান তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে, বিশেষ করে আফ্রিকায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট।
পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
ইথিওপিয়ায় বিশেষ করে গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের বিনিয়োগকে স্বাগত জানান প্রেসিডেন্ট। তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।
উভয়পক্ষ জাতিসংঘ, ন্যাম, গ্রুপ অব ৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং তা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ সময় ইথিওপিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।
এমএস/