দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, দেশের ভবিষ্যৎ সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিয়েছে। দেশের জন্য প্রয়োজনীয় ভবিষ্যৎ সংস্কার বাস্তবায়নের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ম্যান্ডেট পেয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা এসব কথা বলেন।
মানিকগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য মাইনুল ইসলাম খান বলেন, ‘দেশের সকল বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে। ভবিষ্যৎ সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।’
তিনি বলেন, ‘১৯৯১ সালের জুলাই মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার অভ্যন্তরীণ উৎপাদিত পণ্য ও সেবার ওপর পূর্বের আবগারি শুল্ক এবং আমদানি পর্যায়ের বিক্রয় করের পরিবর্তে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করে। একই বছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে, যা বর্তমান ওয়েস্টমিনস্টার পদ্ধতির ভিত্তি স্থাপন করে। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম চালু হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার মাধ্যমে, যা কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর। তবে ১৯৭৫ সালে তা পরিবর্তিত হয়।’
গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরবর্তীতে কার্যউপদেষ্টা কমিটি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু তা সমর্থন করেন।
পঞ্চগড়-২ আসনের সরকারি দলের সদস্য ফারহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সংস্কারবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যদিও জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।’
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ হয়নি।’
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে গাজীপুর-৩ আসনের সরকারি দলের সদস্য এস এম রফিকুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি তার ভাষণে ক্ষমতাসীন বিএনপির অবদান তুলে ধরেছেন এবং ফ্যাসিবাদী শাসনের অপকর্ম চিহ্নিত করেছেন।’
এ ছাড়া লক্ষ্মীপুর-১ আসনের সরকার দলীয় এম শাহাদাত হোসেন, নওগাঁ-৩ এর ফজলে হুদা, ময়মনসিংহ-৪ এর এম আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ঠাকুরগাঁও-৩ এর এম জাহিদুর রহমান, মৌলভীবাজার-৩ এর নাসের রহমান, কিশোরগঞ্জ-৫ এর শেখ মুজিবুর রহমান ইকবাল, বরিশাল-৬ এর আবুল হোসেন খান, শেরপুর-৩ এর মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-৫ এর জাকির হোসেন, নরসিংদী-৩ এর মঞ্জুর এলাহী, শেরপুর-২ এর এম ফাহিম চৌধুরী, সুনামগঞ্জ-৩ এর মোহাম্মদ কয়ছর আহমেদ, নারায়ণগঞ্জ-৩ এর আজহারুল ইসলাম মান্নান, চট্টগ্রাম-৩ এর লুৎফুর রহমান, বান্দরবানের সাচিং প্রু, কুষ্টিয়া-১ এর রেজা আহমেদ, বগুড়া-৪ এর মোশাররফ হোসেন এবং খুলনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল আলোচনায় অংশ নেন।
/অ