দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের মদিনায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজ ও উমরাহ সংক্রান্ত সেবা ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
সোমবার সৌদি স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও উমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের জন্য তিনি বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
দু’দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন ধর্মমন্ত্রী। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি মন্ত্রীকে একটি সৌজন্য উপহার দেওয়া হয়। সৌদি মন্ত্রীও পাল্টা শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এর আগে বৈঠকে যোগ দিতে কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মমন্ত্রীকে স্বাগত জানায়।
বৈঠকে অন্যদের মধ্যে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন।
এমএস/