দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা তাদের ব্যালট দেশে পাঠানো শুরু করেছেন। এ পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ১৬ হাজার সাতজন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর চার লাখ ছয় হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে নিবন্ধন করা দুই লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের ভেতরে তিন হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এর মধ্যে দুই হাজার ৪২২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং এক হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।
এমএস/