দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিতের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল চাওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে একই দিন হাইকোর্ট শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু ও অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশনের দেওয়া শাকসু নির্বাচনের অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে।
এর আগে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা থাকায় শাকসু নির্বাচন আইনসংগত নয়।
এদিকে শাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল। রোববার সকালে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের স্থগিতাদেশের কারণে প্রচারণায় বিঘ্ন ঘটায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। তবে হাইকোর্টের স্থগিতাদেশে আপাতত শাকসু নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে।
এমএস/