দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের আদানি গ্রুপ বাংলাদেশে আরও ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, এই বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এরই মধ্যে ১,০০০ মেগাওয়াট সৌরশক্তি ও বাকি ৬০০ মেগাওয়াটের উৎস জলবিদ্যুৎ।
বর্তমানে ২৫ বছরের চুক্তিতে আদানি গ্রুপ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি একটি সূত্র জানায়, সম্প্রতি গৌতম আদানি ঢাকা সফর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ওই সময়ই আদানি গ্রুপের কাছ থেকে নতুন প্রস্তাবটি আসে।
সূত্রটি থেকে আরও জানা যায়, নেপালে আদানি গ্রুপের স্থাপন করা প্রস্তাবিত জলবিদ্যুতের প্লান্ট থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। আর ভারতে স্থাপন করা সৌর শক্তি থেকে আসবে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এ সূত্রটি জানায়, আমরা শুনেছি আদানি গ্রুপকে তাদের প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি বলেন, “দেশে নবায়নযোগ্য উৎস থেকে ৯,৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলছে।”
তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ আমদানির প্রক্রিয়াধীন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “নবায়নযোগ্য উৎস থেকে এখন ১,১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হলেও জাতীয় গ্রিডে আসছে মাত্র ৮২৫.২৩ মেগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১,২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প চলছে এবং ৮,৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রক্রিয়াধীন।”
গত সপ্তাহে সচিবালয়ে নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসন। এ সময় প্রতিমন্ত্রী তাকে এসব কথা জানান।
দুটি ডেনমার্কের নবায়নযোগ্য জ্বালানি সংস্থার একটি যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরের উপকূলে ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৫০০ মেগাওয়াট প্রাথমিক ক্ষমতাসহ একটি বাণিজ্যিক, ইউটিলিটি-স্কেল অফশোর উইন্ড (উপকূলীয় বায়ু বিদ্যুৎ) প্রকল্প স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। সূত্র: ইউএনবি
আরএ