দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার সিলেট ও রংপুর বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া সিলেটে ৩০, বান্দরবানে ২৭, ডিমলায় ১৬ ও শ্রীমঙ্গলে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এর আগে গত ২০ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে এটি উড়িষ্যা উপকূল গিয়ে নিঃশেষ হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।