দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন বছরে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা পূর্ণতা পাবে।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বাণীতে এ শুভেচ্ছা জানানো হয়।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’
জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাণীতে তিনি বলেন, ‘ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।’
সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
বাণীতে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। নতুন বছরে আরো জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।’
এবি/