দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশি পাঁচ নারীকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে ভারতের পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ওই পাঁচ বাংলাদেশি নারীকে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়।
সোমবার (২৪ জুলাই) পাচারকারীদের আদালতে তোলা হয়েছে।
এর আগে, রোববার (২৩ জুলাই) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ নারীকে উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, শনিবার পাঁচ নারীকে নিয়ে ঢাকা থেকে রওনা হন পাচারকারীরা। এরপর রোববার তারা ভারতীয় সীমান্তের কাছে এসে পৌঁছায়। রাতেই অবৈধভাবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দোমোহনা এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তারা (নারীরা)। সেখান থেকে তাদের ভারতীয় প্রান্তে থাকা পাচারকারীরা নিয়ে যায় এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়।
আগে থেকেই ওই স্থানে ওত পেতে ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। সেখান থেকেই পাঁচ বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে আটক করা হয় ফনি রায়, ঝন্টু রায় ও সঞ্জয় রায় নামে তিনজনকে। তাদের সবার বাড়ি শিলিগুড়ি এলাকায়।
এই ঘটনার সঙ্গে বড় কোনো আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত পাচারকারী সন্দেহে তিন অভিযুক্তকেই আজ (সোমবার) জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাদের তিনজনকে সাত দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দেন আদালত।
আর উদ্ধার হওয়া বাংলাদেশি নারীদের স্থানীয় একটি হোমে পাঠানো হয়েছে।
জেডএ