দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি দেশের মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করে দেয়, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এ লক্ষ্য সামনে রেখে ১০টি ভোটের গাড়ি বা সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে ঘুরে মানুষের কাছে নির্বাচন ও গণভোটের তথ্য পৌঁছে দেবে এবং ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে। তিনি বলেন, এই সুপার ক্যারাভান শুধু গাড়ির বহর নয়, এটি গণতন্ত্রের বার্তা বহন করবে এবং একটি ভোটের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরবে।
তিনি তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের উদ্দেশে বলেন, এগিয়ে এসে প্রশ্ন করতে, জানতে, বুঝতে এবং ভোট দিতে হবে। তাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এমন একটি নির্বাচন চায় যেখানে ভয় ও বাধা থাকবে না, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের মালিক জনগণই। আগামী পাঁচ বছর দেশ কে পরিচালনা করবে, তা জনগণই ঠিক করবে। সৎ ও যোগ্য প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনের পাশাপাশি গণভোটে জুলাই সনদে ভোট দেওয়ার সুযোগ থাকবে। দীর্ঘ সময় ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করা হয়েছে। জনগণ যদি এটি সমর্থন করে, তাহলে দেশ দীর্ঘদিন নিরাপদ পথে চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে, তবে সরকার মানুষকে সচেতন করতে ও তা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ জানাজায় অংশ নিয়ে তার জবাব দিয়েছে। ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথেই এগিয়ে যাবে।
এমএস/