দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
ইইউ জানায়, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইভার্স ইজাবস বলেন, ‘বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে।’
তিনি বলেন, ‘এই মিশন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষার প্রতি ইইউর সমর্থনের একটি বাস্তব উদাহরণ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। পাশাপাশি নির্বাচনের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে দলটি।
এমএস/