দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় শনিবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা শনিবার (১৫ জুলাই) রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।
এছাড়া রোববার (১৬ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লেখিত যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।