দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৪২ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৩৭৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। শুধু রোববার (১৭ আগস্ট) একদিনেই এসেছে ১৬ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৯৫২ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, এ সময়ে প্রবাসী আয় গত বছরের তুলনায় ২৯ কোটি ডলার বেশি এসেছে। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। তবে সে মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশে রেমিট্যান্সের রেকর্ড হয়েছিল গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে, তখন এক মাসেই এসেছিল ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরজুড়ে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, সরকার ঘোষিত প্রণোদনা এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
এমএস/আরএ