দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছর হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি। ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৫টি।
শুক্রবার (৭ জুলাই) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে। আগামী ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট হওয়ার কথা রয়েছে।
এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৯০ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২১ জন। মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, জেদ্দায় ১, আরাফায় ২ জন এবং মুজদালিফা ১ জনের মৃত্যু হয়েছে।