দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণদের রাজনৈতিক দলের যাত্রা শুরু আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে সেজে উঠেছে মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে মঞ্চ।
মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণ করা হয়েছে। এছাড়া ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে মঞ্চের পেছনে নারীদের জন্য অন্য বুথের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ছাত্রদের রাজনৈতিক দলের আড়ম্বরপূর্ণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন নতুন দলের উদ্যোক্তারা।
এছাড়া আমন্ত্রণ পেয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় নাগরিক পার্টির এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে।
জানা গেছে, দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। অংশ নেবেন নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয় সেগুলো নিশ্চিত করেন।
এফএইচ/